প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করতে নোয়াখালীতে অবস্থান করছেন তারেক রহমান
তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপের নির্ধারিত হেলিপ্যাডে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করেন। দ্বীপে পৌঁছালে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। আধুনিক যুদ্ধকৌশল ও সম্মিলিত অভিযান পরিচালনার সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়েছে। অনুশীলনস্থলে তিনি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, রণকৌশল এবং বিভিন্ন অভিযানিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
মহড়া পর্যবেক্ষণের পাশাপাশি প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপে আয়োজিত দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখবেন। নিজস্ব সক্ষমতায় তৈরি এসব প্রতিরক্ষা সরঞ্জামের কার্যকারিতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে অবহিত করবেন। বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের চৌকস সদস্যরা অংশগ্রহণ করছেন।
দিনের নির্ধারিত কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলেই হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে আসবেন বলে জানা গেছে।



