ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিংয়ের কাজ চলাকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শান্টিংয়ের সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে হঠাৎ আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি রেলওয়ে কন্ট্রোল অফিস এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বগিটির ভেতরের একাধিক আসন ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে কেউ বা কারা পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুন লাগার পর ক্ষতিগ্রস্ত বগিটি দ্রুত ট্রেন থেকে আলাদা করে রাখা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



