জাতিসংঘের কপ–৩১ জলবায়ু সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে তুরস্কের ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা পৌঁছান।
ইস্তাম্বুল থেকে বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হবে।
আগামী ১১ ও ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশের ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউএনডিপির প্রশাসকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি রয়েছে। এসব বৈঠক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নিতে সাহায্য করবে।
সম্মেলনের গ্রিন জোনে প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরতে একটি 'পাট প্যাভিলিয়ন' করা হয়েছে। পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যৌথ ঘোষণা আসতে পারে। এছাড়া ব্লু জোনে জলবায়ু পরিবর্তনের শিকার নারী ও পাটজাত পণ্যের ওপর দুটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের প্রতিনিধি দল যোগ দিচ্ছে। এতে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং এসডিজিবিষয়ক প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়ালসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন। সম্মেলন শেষে শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।



