জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তুরস্ক সফরের পথে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বোচ্চ ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।
টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে পৌঁছানোর পরপরই তাকে ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বিমানবন্দরের ভেতরে সুসজ্জিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকের হাকতানকাচমাজ।
ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় রওনা হয়ে ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টার সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ যাত্রাবিরতি শেষে বেলা ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি কানেক্টিং ফ্লাইটে সম্মেলনের মূল ভেন্যু আন্তালিয়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক এই মহাসম্মেলনে মূল বক্তব্যে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকেও তার অংশ নেওয়ার কথা রয়েছে।



