তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনের প্রাক্কালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি এবং রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে অংশীদারত্ব ও কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ বিশেষ গুরুত্ব লাভ করে।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে জাতিসংঘের ফাঁকে অনুষ্ঠিত পূর্বের সাক্ষাত স্মরণের পাশাপাশি কপ-৩১ সফলভাবে আয়োজনের জন্য তুরস্ক সরকারকে অভিনন্দন জানান। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা গভীর করার ওপর জোর দিয়ে তিনি প্রযুক্তি বিনিময় ও যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া, পারস্পরিক বাণিজ্য ব্যবধান কমানো এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং খনিজ সম্পদ আহরণে প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বৃহৎ বিনিয়োগের অনুকূল পরিবেশের কথা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে আর্থিক ও কারিগরি সহায়তার জোরালো প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে চলমান মামলায় তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ওআইসি-র মতো আন্তর্জাতিক ফোরামগুলোতে তুরস্কের কূটনৈতিক চাপ ও সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার জোরালো আহ্বান জানান তিনি।



