জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর এমপি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পর দিনই তিনি মূল সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। সফর শেষে শুক্রবার তাঁর দেশে ফেরার সূচি রয়েছে।



