বিশ্বব্যাংকের প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’ অনুযায়ী, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৮ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১-১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। উন্নয়নশীল দেশগুলোতে আন্তর্জাতিক ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ার মধ্যে বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরশীলতা বৃদ্ধির বিষয়টিই প্রতিবেদনে ফুটে উঠেছে।
এক দশকে ঋণ প্রায় তিন গুণবিশ্বব্যাংকের তথ্যমতে, গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় তিন গুণ বেড়েছে—যেখানে ২০১৫ সালে মোট ঋণের স্থিতি ছিল ৩৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ২০২৫ সাল শেষে দেশের মোট ১৭ কোটি ৫৭ লাখ জনসংখ্যার হিসাবে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৪৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ হাজার টাকা)।
ঋণের খাতভিত্তিক বিভাজন প্রতিবেদনে দেখা যায়, দেশের মোট বৈদেশিক দায়ের সিংহভাগ বা প্রায় চার-পঞ্চমাংশই দীর্ঘমেয়াদি সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ, যার পরিমাণ ৮৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
বহুপাক্ষিক পাওনাদার: বহুপাক্ষিক ঋণদাতারা এই ঋণের সবচেয়ে বড় উৎস, যাদের মোট পাওনা ৫১.১৪ বিলিয়ন ডলার। এর মধ্যে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) সর্বোচ্চ ২২.৬৪ বিলিয়ন ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৭.৫২ বিলিয়ন ডলার পাওনা রাখে।
দ্বিপাক্ষিক পাওনাদার: বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ঋণের মোট পরিমাণ ৩২.৬৫ বিলিয়ন ডলার। একক দেশ হিসেবে জাপানের কাছে সর্বোচ্চ ১২.৭২ বিলিয়ন ডলার এবং রাশিয়ার কাছে ৯.০২ বিলিয়ন ডলার ঋণ রয়েছে।
অন্যান্য দায়: বাকি দায়দেনার মধ্যে ৯.৯ বিলিয়ন ডলারের ব্যক্তিগত অ-গ্যারান্টিযুক্ত ঋণ এবং ১৪.১ বিলিয়ন ডলারের স্বল্পমেয়াদি ঋণ অন্তর্ভুক্ত রয়েছে।
ঋণ বোঝা এখনো সহনীয় পর্যায়ে ঋণের পরিমাণ বাড়লেও বেশ কিছু সূচক ইঙ্গিত দেয় যে তাৎক্ষণিক পরিশোধের চাপ এখনো সহনীয় সীমায় রয়েছে। মোট জাতীয় আয়ের (জিএনআই) তুলনায় দেশের বৈদেশিক ঋণের অনুপাত দাঁড়িয়েছে ২৪ শতাংশ এবং রপ্তানি আয়ের বিপরীতে ঋণ পরিশোধের অনুপাত কিছুটা কমে ১৬ শতাংশে নেমে এসেছে। নতুন পাওয়া সরকারি ঋণের শর্তগুলোও অনুকূলে রয়েছে; যেখানে গড় মেয়াদ ২৫ বছর, রেয়াতকাল ৬ বছর এবং গড় সুদের হার ৩ শতাংশ।
দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক প্রেক্ষাপট বাংলাদেশের এই ঋণ বৃদ্ধি দক্ষিণ এশিয়ার সার্বিক চিত্রেরই প্রতিফলক। ২০২৫ সালে পুরো দক্ষিণ এশিয়ার মোট বৈদেশিক ঋণ ৯৫৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার আঞ্চলিক গড় ঋণ-জিএনআই অনুপাত ২১ শতাংশ। বাংলাদেশের ২৪ শতাংশ অনুপাত আঞ্চলিক গড়ের চেয়ে কিছুটা বেশি।
বিশ্বব্যাপী নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মোট বৈদেশিক ঋণ ৫.৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯.৪ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশ্বব্যাংকের প্রধান পরিসংখ্যানবিদ হাইশান ফু সতর্ক করে বলেন, "কেবল অর্থায়নের সুযোগ মিললেই টেকসই উন্নয়ন নিশ্চিত হয় না। অর্জিত তহবিল যেন অর্থব্যবস্থাকে সংকুচিত না করে প্রবৃদ্ধি ও সক্ষমতা বাড়ায়, তা নিশ্চিত করা জরুরি।



