বোমা-সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’ আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা বোমা-সন্ত্রাস করে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফুলের পাপড়ি বিছিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন, তারা এখনো বাংলাদেশের মানুষকে চেনেননি। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগোচ্ছেন এবং সেই পথে সব ধরনের অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে। বাংলাদেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে দেশের মাটিতে পুনরায় রাজনীতি বা সন্ত্রাস করার সুযোগ দেবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, যারা বোমা হামলা চালাচ্ছে, তাদের অনেকেই ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং এই সিন্ডিকেটের সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে সব তথ্য রয়েছে। এতকিছুর পরও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর যে যাত্রা শুরু করেছে, তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মো. আসাদুজ্জামান সত্য, ন্যায় এবং মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরার আহ্বান জানান। একই সঙ্গে সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোও গণমাধ্যমে তুলে ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “গত ৯ মাসে আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (এক্সট্রা জুডিশিয়াল কিলিং) বা গুমের পথে হাঁটিনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দেওয়ার যে পুরোনো সংস্কৃতি ছিল, তা থেকেও আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছি।”
সকালে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, রাতারাতি সব কিছু পরিবর্তন করা সম্ভব না হলেও মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী কী পদক্ষেপ নিচ্ছে, তা-ও প্রতিবেদনে তুলে ধরা উচিত। সরকারের কোনো কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে বা সরকারের বিরুদ্ধে গেলেও সঠিক তথ্যের ভিত্তিতে তা লিখতে সাংবাদিকদের উৎসাহিত করেন তিনি। মন্ত্রী বলেন, “আমরা জানি আমাদের স্বচ্ছতা ও সততা কোন জায়গায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কোন পথ ধরে বাংলাদেশ বিনির্মাণে এগোচ্ছে।”
ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন, জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজ প্রমুখ।



