লিবিয়ায় এক বাংলাদেশিকে অপহরণ করে জিম্মি রাখা এবং দেশে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. সোহেল রানা (৪৫)। শুক্রবার (১৩ নভেম্বর) সিআইডির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন · inarticle_1

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমথ বিপুজিপাড়া গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. সাইফুল (৩৯) পরিবারের সচ্ছলতার আশায় প্রায় দুই বছর আগে সোহেল নামের এক বাংলাদেশি দালালের মাধ্যমে লিবিয়ায় যান। কিন্তু লিবিয়ায় পৌঁছানোর পরপরই তিনি একটি আন্তর্জাতিক মানবপাচার চক্রের হাতে পড়ে জিম্মি হন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর কাছে ফোন করে জানানো হয় যে সাইফুলকে আটকে রাখা হয়েছে। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। এমনকি দাবিকৃত টাকার অন্তত অর্ধেক পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে পরিবারের কাউকে কথা বলতে দেওয়া হবে না বলেও জানানো হয়।

এরপর ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে সাইফুলের পরিবার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড়ের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে অপহরণকারীদের দেওয়া কয়েকটি মোবাইল নম্বরে ৫ লাখ টাকা পাঠায়। কিন্তু টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে তার পরিবারকে কথা বলতে দেয়নি।

পরবর্তীতে সোহেল পরিচয়দানকারী এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানান যে তার কাছে সাইফুলের তথ্য আছে এবং তিনি নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে আনবেন। এ কথা বলে তিনি সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন। কিন্তু ভুক্তভোগীর স্ত্রী সেখানে পৌঁছালে ওই ব্যক্তির মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এর কিছুদিন পর আরেকটি নম্বর থেকে সাইফুলের ৭০ বছর বয়সী বাবা আব্দুস সামাদের কাছে ফোন করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। ফোনদাতা দাবি করেন, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল জিম্মি আছেন। তবে ছেলের সঙ্গে সরাসরি কথা না বলা পর্যন্ত আর কোনো টাকা দিতে অস্বীকৃতি জানান আব্দুস সামাদ। এরপর থেকে পরিবারটির কাছে আর কোনো ফোন আসেনি।

এ ঘটনায় ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন আব্দুস সামাদ। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। দীর্ঘ তদন্ত, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চক্রের সদস্যদের শনাক্ত করে নাটোরের সিংড়া থেকে মনোয়ার ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা, পাচারের রুট খুঁজে বের করা এবং লিবিয়ায় জিম্মি থাকা সাইফুলের অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধারের লক্ষ্যে গ্রেপ্তারকৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।