‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো ওই বাণীতে তিনি উল্লেখ করেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও সঠিক চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে রোগটি প্রতিরোধে সুস্থ ব্যক্তিদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চায় সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে ডায়াবেটিসকে বর্তমান বিশ্বের অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে বাংলাদেশে এর ক্রমবর্ধমান বিস্তারে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যা এমনকি জীবনহানিরও কারণ হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি জানান, প্রতিটি নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন, বাংলাদেশের উদ্যোগেই দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে, যা জাতির জন্য অত্যন্ত গৌরবের। প্রতিষ্ঠালগ্ন থেকেই সমিতিটি গবেষণা, জনসচেতনতা সৃষ্টি এবং দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। বাণীর শেষে প্রধানমন্ত্রী ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন এবং চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।



