রাজধানী ঢাকায় এখনো পুরোপুরি শীত না নামলেও নিত্যপ্রয়োজনীয় সবজি ও অন্যান্য খাদ্যপণ্যের চড়া দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। প্রতি বছর শীতের আগমনে মৌসুমি সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কমতে শুরু করলেও এবার এখন পর্যন্ত সেই স্বস্তির দেখা মেলেনি। সবজির পাশাপাশি মাছ, মাংস ও ডিমের বাজারও চড়া থাকায় দৈনন্দিন সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্তরা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর সূত্রাপুর ও ধূপখোলাসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারের এই চিত্র পাওয়া গেছে।
বিক্রেতারা জানিয়েছেন, শীত মৌসুম এখনো পুরোপুরি শুরু না হওয়ায় বাজারে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলক কম। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সবজির সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসতে পারে।
শুক্রবারের বাজারদর অনুযায়ী, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়, যেখানে পুরোনো আলু পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। এছাড়া কাঁচা মরিচ ১২০ টাকা, গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, শিম জাতভেদে ৮০ থেকে ১২০ টাকা, শসা ১০০ টাকা এবং গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে ফুলকপি ৫০ থেকে ৮০ টাকা এবং ঝিঙা, পটোল, চিচিঙ্গা, ঢ্যাঁড়স ও মুলা ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
মাছের বাজারেও নেই স্বস্তি সবজির মতো মাছের বাজারও আগের মতোই চড়া অবস্থায় রয়েছে। বাজারে প্রতি কেজি রুই মাছ ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ইলিশ এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে; আকারভেদে ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে এবং বড় আকারের ইলিশের দাম ২ হাজার ৬০০ টাকা ছাড়িয়ে গেছে।
ডিম ও মাংসের দাম অপরিবর্তিত বাজারে প্রতি ডজন লাল ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা এবং সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে। মাংসের বাজারেও কোনো পরিবর্তন আসেনি; ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা, গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ধূপখোলা বাজারের সবজি বিক্রেতা সিজান রহমান জানান, বাজারে নতুন শীতকালীন সবজির সরবরাহ এখনো সীমিত। নতুন সবজি পুরোদমে আসতে শুরু করলে এবং একই সবজির একাধিক জাত বাজারে এলে আগামী এক সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, সূত্রাপুর বাজারে বাজার করতে আসা ক্রেতা শেখ নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, “অতিরিক্ত দামের কারণে প্রয়োজনীয় অনেক সবজিই কিনতে পারছি না। এভাবে চলতে থাকলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে।” মাছের বাজারে গিয়ে দাম শুনে খালি হাতে ফিরে আসার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আগে যে মাছ ৮০০ টাকায় পাওয়া যেত, এখন তা ১ হাজার ২০০ টাকায়ও মিলছে না। নিত্যপণ্যের দাম এভাবে বাড়তে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।



