সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসবাদ কঠোরভাবে দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি, মাদক চোরাচালান রোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন · inarticle_1

বৈঠকে সভাপতির বক্তব্যে জয়নুল আবেদীন মাদকের উৎপাদন, সরবরাহ ও পাচারের মূল উৎস চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন। একইসঙ্গে মাদক কারবারের পেছনের অর্থনৈতিক নেটওয়ার্ক ও অবৈধ অর্থের প্রবাহ খতিয়ে দেখার সুপারিশ করেন তিনি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত বিশ্বের মতো আধুনিক প্রযুক্তি ও ড্রোন নজরদারি বাড়ানোর পরামর্শ দেন হুইপ রকিবুল ইসলাম। অন্যদিকে, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মাদক নিয়ন্ত্রণকে একটি সমন্বিত জাতীয় দায়িত্ব হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান।

সভায় মাদক-সংক্রান্ত অপরাধ নির্মূলে দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয় এবং ঝুঁকিপূর্ণ সীমান্ত ও চোরাচালানের রুটগুলো পর্যালোচনা করা হয়। এ ছাড়া মাদক পাচার রুখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে যৌথ নজরদারি ও অভিযান জোরদারের বিষয়ে একমত হন কমিটির সদস্যরা।