দেশের তৈরি পোশাক খাতকে অস্থির করে তুলতে পতিত ফ্যাসিবাদীরা আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, দেশের সাধারণ মানুষের প্রতি ফ্যাসিস্ট গোষ্ঠীর কোনো ধরনের ভালোবাসা বা দায়বদ্ধতা নেই। তার মতে, বিগত ১৭ বছরে তারা দেশের প্রায় সব গণতান্ত্রিক, আর্থিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। বর্তমানে দেশে যখন একটি স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, ঠিক তখনই সেই পরিবেশ নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে।
দেশের চলমান অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো যখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দেশের অর্থনীতিকে পঙ্গু করতে ফ্যাসিবাদীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। তবে বর্তমান সরকার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং পোশাক শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদানের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।



