চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ হয়ে যাওয়া ১১টি শিল্পকারখানা পুনরায় চালু এবং চাকরিচ্যুত কর্মীদের কাজে ফিরিয়ে নেওয়ার দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন কয়েক শ শ্রমিক-কর্মচারী। গতকাল সোমবার সকালে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন শ্রমিক প্রতিনিধিরা।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা জানান, এতে প্রায় এক হাজার কর্মী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন কারখানাগুলো বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

বিজ্ঞাপন · inarticle_1

প্রধানমন্ত্রীর কাছে দেওয়া স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই গ্রুপটির বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। পরবর্তীতে ব্যাংকিং জটিলতা এবং কাঁচামালের তীব্র সংকটসহ নানাবিধ কারণে কারখানাগুলোর উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই কর্তৃপক্ষ কারখানাগুলো বন্ধ করে দিয়েছে এবং পরবর্তীতে মালিকপক্ষের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি।

শ্রমিকদের মতে, মূলত ব্যাংক হিসাব ও ঋণসংক্রান্ত জটিলতার কারণে আমদানিনির্ভর এসব শিল্পের জন্য নতুন ঋণপত্র (এলসি) খোলা সম্ভব হচ্ছে না, যা কাঁচামাল সংগ্রহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাংকিং জটিলতা নিরসন এবং প্রয়োজনীয় চলতি মূলধনের জোগান নিশ্চিত করা গেলে কারখানাগুলো আবারও সচল করা সম্ভব। নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খাওয়া এই শ্রমিক পরিবারগুলোকে বাঁচাতে এবং কর্মস্থলে ফিরিয়ে আনতে তারা দ্রুত সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।