২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর জন্য আবেদন প্রক্রিয়া জানুয়ারি মাস থেকেই চালু হবে। সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভবনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ যাতে একই দিনে পড়ে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য সমন্বিত সময়সূচি নির্ধারণে সম্মত হয়েছেন উপাচার্যরা। এ বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাস করা শিক্ষার্থীর সংখ্যা কিছুটা হ্রাস পেয়ে ৬ লক্ষাধিক হয়েছে, যা আগের বছরে ৭ লক্ষাধিক ছিল। ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেন, যেসব শিক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন কিংবা সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে উভয় ফলাফল প্রকাশের লক্ষ্য রয়েছে এবং এতে উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন।

বিজ্ঞাপন · inarticle_1

আসন্ন পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার তারিখ নির্ধারণ করতে উপাচার্যদের পরামর্শ দেওয়া হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে, তাদেরও সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়। ভর্তি প্রক্রিয়া সুচারুভাবে পরিচালনা করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

পরীক্ষার ধরন প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান জানান, বর্তমান শিক্ষাবর্ষে বহুনির্বাচনী (MCQ) পদ্ধতি বহাল থাকবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক ও বিষয়ভিত্তিক দক্ষতা যাচাইয়ে বহুনির্বাচনীর পাশাপাশি নতুন ধরনের প্রশ্ন সংযোজনের পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া এ বছরের পাসের হার ও আসনসংখ্যার ওপর ভিত্তি করে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

বর্তমানে দেশে প্রায় ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানে ১০ লাখের বেশি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৪ লাখেরও বেশি আসন বিদ্যমান রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব স্বায়ত্তশাসন ও আইন অক্ষুণ্ন রেখেই ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয় করা হবে বলে আশ্বস্ত করেছে ইউজিসি।