সর্বোচ্চ স্কোর অর্জন করে বৈশ্বিক গড়ের ওপরে অবস্থান, শীর্ষে দক্ষিণ কোরিয়া

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) তিন ধাপ উন্নতি করে ১৯৪টি দেশের মধ্যে ৯৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই অঙ্কের র‍্যাঙ্কিং বন্ধনীতে জায়গা করে নিয়েছে দেশটি। ২০২৪ সালের জরিপে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সর্বশেষ ২০২৬ সালের সূচকে বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ দশমিক ৬৮৯৩ স্কোর অর্জন করেছে এবং ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট শ্রেণিতে নিজের অবস্থান সুসংহত করেছে।

বিজ্ঞাপন · inarticle_1

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সূচকের দুটি গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশ এখন পর্যন্ত সর্বোচ্চ নম্বর পেয়েছে। এর মধ্যে অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে দশমিক ৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে দশমিক ৬৯। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগের দ্বিবার্ষিক প্রতিবেদন ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’তে এসব তথ্য উঠে এসেছে, যেখানে বৈশ্বিক তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া।

নাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে ই-গভর্নমেন্টের ব্যবহার, অবকাঠামোগত সক্ষমতা ও সার্বিক অগ্রগতির যৌথ সূচক হলো ইজিডিআই। মূলত তিনটি মূল ভিত্তির নরমালাইজড স্কোরের ভারযুক্ত গড়ের মাধ্যমে এই সূচক নির্ধারিত হয়; উপাদানগুলো হলো অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স।

বৈশ্বিক প্রেক্ষাপটেও এবার ই-গভর্নমেন্ট সক্ষমতায় উল্লেখযোগ্য গতি দেখা গেছে। ২০২৪ সালে যেখানে বিশ্বের গড় ইজিডিআই ছিল দশমিক ৬৩৮২, সেখানে ২০২৬ সালে তা ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে দশমিক ৬৬৭৫-এ পৌঁছেছে। বাংলাদেশের দশমিক ৬৮৯৩ স্কোরটি এই বৈশ্বিক গড়ের চেয়েও বেশি। পাশাপাশি মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণিতে থাকা দেশের সংখ্যা ২০২৪ সালের ১৩৮টি থেকে বেড়ে এবার ১৫১টিতে দাঁড়িয়েছে।