নিম্নতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের অসন্তোষের জেরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার তৈরি পোশাক খাতের প্রাণকেন্দ্র সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন ও বিক্ষোভ শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এতে শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উক্ত এলাকার বেশ কিছু কারখানায় জরুরি ছুটি ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্র ও শিল্প পুলিশ জানায়, বুধবার সকাল থেকে সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছিলেন। তবে নির্দিষ্ট কিছু কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পরপরই বকেয়া পরিশোধ ও নতুন মজুরি কাঠামোর আওতায় মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেন।

বিজ্ঞাপন · inarticle_1

পরিস্থিতি কিছুটা বেসামাল হয়ে উঠলে সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানা কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ রেখে সাধারণ ছুটি ঘোষণা করে। কারখানা ছুটি হওয়ার পর হাজার হাজার শ্রমিক সড়ক ও মহাসড়কে নেমে এসে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাঁদানে গ্যাস (টিয়ারশেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

একইভাবে সকাল ১০টার পর সাভারের হেমায়েতপুর শিল্প এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানেও কয়েকটি কারখানার শ্রমিকেরা বহিরাগতদের সাথে সংহতি জানিয়ে বেরিয়ে এসে সড়ক অবরোধের চেষ্টা চালান। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সাম্প্রতিক এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহত বা সংঘাতের খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দু-একটি পোশাক কারখানায় বিশৃঙ্খলা ও কর্মবিরতির ঘটনা ঘটলেও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত শিল্প পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়া এলাকার কতটি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কী—তা আনুষ্ঠানিকভাবে জানতে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।