দেশের প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, অর্থনৈতিক সম্ভাবনা এবং রপ্তানি সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই সময়োপযোগী প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এই বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। উদ্বোধনী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খাতটির সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন · inarticle_1

কেন্দ্রীয় এই আয়োজনের পাশাপাশি পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী আকর্ষণীয় প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী, যেখানে খাতসংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে নানা সচেতনতামূলক ও উন্নয়নমূলক কর্মসূচির মধ্য দিয়ে এই সপ্তাহটি উদযাপিত হবে।