আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ ও ভাষাগতভাবে সক্ষম করে গড়ে তুলতে সরকার বহুমুখী পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায়ী শুভেচ্ছা জানান সরকারপ্রধান। এ দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের আন্তরিক সহযোগিতায় দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজারটি আবারও চালু করা সম্ভব হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রায় ১০ হাজার কর্মীকে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানোর সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের প্রবাসী আয়ের খাতে নতুন গতি আনবে।

বিজ্ঞাপন · inarticle_1

কর্মীদের পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, দক্ষতা বৃদ্ধি করে বিদেশে পাঠাতে পারলে কর্মীরা নিজেরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি দেশও উপকৃত হবে। এ ছাড়া প্রবাসে কর্মপরিবেশে মানিয়ে নিতে ভাষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তারেক রহমান বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের আচরণ ও কাজের মানের ওপরই দেশের ভাবমূর্তি নির্ভর করে। তাই সংশ্লিষ্ট দেশের আইনকানুন, সংস্কৃতি ও ঐতিহ্য মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান। তাঁর মতে, বর্তমান কর্মীদের সুনাম ও সাফল্য দেখে ভবিষ্যতে বিদেশি প্রতিষ্ঠানগুলো আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগে উৎসাহিত হবে। বক্তব্য শেষে তিনি রেমিট্যান্স যোদ্ধাদের সুস্থতা কামনা করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং কর্মীদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান ও সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।

দীর্ঘ আড়াই বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার পর এই বিনা খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হলো। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে স্বচ্ছ ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে এই কর্মীদের চূড়ান্ত করা হয়েছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। আবাসন, চিকিৎসা ও অভিবাসনের যাবতীয় ব্যয় নিয়োগকারী প্রতিষ্ঠানই বহন করছে।

এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মীর সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি শ্রমবাজার উন্মুক্ত করা এবং স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ায় কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছিলেন, যার সফল বাস্তবায়ন হিসেবে আজকের এই যাত্রা শুরু হলো।