সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন যে ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত ও সর্বাত্মক অভিযান মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল। সেই ঐতিহাসিক ঐক্য, সাহস ও দেশপ্রেম আজও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সংহতির চেতনাকে শক্তিশালী করে তোলে।
বাণীতে রাষ্ট্রপতি সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী সাত বীরশ্রেষ্ঠসহ সব শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি ও শৃঙ্খলা সুদৃঢ় করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্ব ও দূরদর্শিতার কথা তুলে ধরেন। পাশাপাশি বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।
বর্তমান সরকারের উদ্যোগের প্রসঙ্গে রাষ্ট্রপতি জানান, সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ চলছে। বদলে যাওয়া বৈশ্বিক প্রেক্ষাপট ও ভূ-রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় প্রতিরক্ষা প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা কৌশলে ‘সবার আগে বাংলাদেশ নীতি’ অনুসরণ করা হচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
সবশেষে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর মূল শক্তি। সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সদস্যরা দায়িত্ব পালন করবেন—এই প্রত্যাশা জানিয়ে তিনি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য এবং সদস্য ও তাঁদের পরিবারের সুখ-সমৃদ্ধি কামনা করেন।



