খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কে ডি ঘোষ রোডের সামনের সড়ক থেকে ভবনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা দুই যুবক নগর ভবনের সামনে থামেন এবং সিঁড়ি লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে দ্রুত পালিয়ে যান। বোমাটি সিঁড়িতে পড়ে বিকট শব্দে বিস্ফোরিত হলে সেখানে কিছুক্ষণ আগুন জ্বলতে থাকে, যা পরে আপনাআপনিই নিভে যায়।

বিজ্ঞাপন · inarticle_1

ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজেও সামনের সড়ক থেকে একটি বস্তু ছুড়ে মারার এবং সিঁড়িতে পড়ে বিস্ফোরিত হওয়ার দৃশ্য ধরা পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। বিস্ফোরণে ভবনের সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়া ছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জড়িত যুবকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।