যুক্তরাজ্যের 'অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) অন রোহিঙ্গা'-এর চার সদস্যের এক প্রতিনিধি দল বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন ব্রিটিশ সংসদ সদস্য ইমরান হুসাইন। বৈঠকে অন্যান্যদের মধ্যে কাউন্সিলর হাসান উজ্জামান খান, পার্লামেন্টারি গবেষক মোহাম্মদ তাহমিদ মারযূক মোরশেদ এবং ‘অর্ফানস ইন নিড’-এর হেড অব ফান্ডরেইজিং আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিজ দেশে পূর্ণ নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে দেওয়া ছাড়া এই দীর্ঘস্থায়ী সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি সংকট সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত ও বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানান।

বিজ্ঞাপন · inarticle_1

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসানের মতে, এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মায়ানমারের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং বিশ্ব সম্প্রদায়ের মানবিক সহায়তা বৃদ্ধি নিয়ে গভীর আলোচনা হয়। যুক্তরাজ্যের প্রতিনিধি দল রোহিঙ্গা জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সমর্থন ও তহবিল সংগ্রহে স্ব-স্ব ভূমিকা জোরালোভাবে পালন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।