সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছে।

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মানী দেওয়ার বিষয়টিকে রাষ্ট্রের দায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই সম্মাননার মাধ্যমে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবধারীদের পাশাপাশি স্বাধীনতার সংগ্রামে বিজয়ী হওয়ার গৌরব অর্জনকারী বীর মুক্তিযোদ্ধাদের তিনি অনন্য ও অসাধারণ বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন · inarticle_1

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষ গৌরবের অংশীদার উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁদের বীরোচিত অভিনন্দন জানান। স্বাধীনতার বিনিময়ে লাখো শহীদের আত্মত্যাগ, মা-বোনের সম্ভ্রমহানি এবং আহতদের কষ্টের কথা স্মরণ করে তিনি সকল শহীদের মাগফিরাত কামনা করেন এবং আহত ও শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় দিয়ে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন তাঁকে গভীরভাবে আন্দোলিত করে। একই সঙ্গে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ গঠন এবং ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়নকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। বয়সের ভারে ন্যুব্জ হলেও বীর মুক্তিযোদ্ধাদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনও অম্লান রয়েছে বলে মন্তব্য করে প্রতিবছর সম্মাননা আয়োজনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগকে ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী অঙ্গীকার ব্যক্ত করেন যে, বীর মুক্তিযোদ্ধাদের সাহসে অর্জিত এই দেশকে বিশ্বের কাছে একটি আত্মমর্যাদাশীল ও অনুকরণীয় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।