কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর কোনো ধরনের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক বৈঠকে প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় তিনি উল্লেখ করেন, যারা অগ্নিসংযোগ ও সহিংসতায় জড়িত এবং যারা গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের সংক্রান্ত সংবাদ প্রচার জনগণ ইতিবাচকভাবে গ্রহণ করবে না। তাই গণমাধ্যমগুলোকে ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন · inarticle_1

বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রচার বা প্রত্যাহারের জন্য সরকারের পক্ষ থেকে কিংবা কোনো সংস্থার মাধ্যমে গণমাধ্যমকে কখনোই চাপ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেওয়া হবে না।

বিগত সময়ের প্রসঙ্গ টেনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে বহু গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক সাংবাদিককে গুম ও তুলে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে বর্তমান সরকার এ ধরনের কোনো পদক্ষেপ নেবে না বলে তিনি আশ্বস্ত করেন। পাশাপাশি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অনলাইন গণমাধ্যমগুলো যে ইতিবাচক ভূমিকা রেখেছে, আগামীতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।