ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের চেষ্টায় রণক্ষেত্র সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার দুটি এলাকা; পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এবং আশুলিয়ার জামগড়া ও খেজুরবাগান এলাকায় এসব ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন · inarticle_1

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকেরা তাতে রাজি না হয়ে উল্টো বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বাহিনীটি কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, একই দাবিতে সকাল সাড়ে আটটার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিকদের একটি বড় দল মূল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। সে সময় সেখানে সতর্ক অবস্থানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এর কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় শ্রমিকদের আরেকটি অংশ জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা চালালে সেখানেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, জনদুর্ভোগ এড়াতে ও সড়কে যান চলাচল সচল রাখতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে ওই এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।