ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার একটি অনুরোধ সম্বলিত ই-মেইল এসেছে। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এটি পাঠানো হয়েছে। তবে এর সঙ্গে শেখ হাসিনার নিজস্ব কোনো অনুমোদনপত্র বা ‘অথরাইজেশন’ না থাকায় এটি সরাসরি তাঁর নিজের আবেদন কি না, তা নিয়ে কূটনৈতিক পর্যায়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লি হাইকমিশনে ই-মেইলটি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। তাই তাঁর জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি ইস্যুর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।
দিল্লির কূটনৈতিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার পরই দিল্লি হাইকমিশন বিস্তারিত জানিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বার্তা পাঠায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয় নিয়ে পরবর্তীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করার কথা উল্লেখ করা হয়েছে।
কূটনৈতিক একাধিক সূত্র উল্লেখ করেছে, আবেদনের সংগে শেখ হাসিনার নিজস্ব স্বাক্ষর বা কোনো প্রাতিষ্ঠানিক অথরাইজেশন কপি সংযুক্ত ছিল না। আইনগত নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তি ছাড়া বা তাঁর সরাসরি অনুমতি ব্যতিরেকে কোনো তৃতীয় পক্ষ আবেদন করলে সেটি আইনত ও প্রাতিষ্ঠানিকভাবে অসম্পূর্ণ থেকে যায়।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ভারতে যাওয়ার পর থেকে এটি শেখ হাসিনার প্রথম পাসপোর্ট সংক্রান্ত উদ্যোগ। এতে ধারণা করা হচ্ছে, তিনি দেশে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবে এসব প্রাথমিক পদক্ষেপ নিচ্ছেন।



