সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা রক্ষার্থে এবং ৬০ দিনের সাংবিধানিক নিয়ম মেনে আহ্বান করা এই সংক্ষিপ্ত অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলার সিদ্ধান্ত হয়েছে। ছুটির দিনগুলো বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশনটি বসবে।

আজকের উদ্বোধনী বৈঠকে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইনপ্রণয়ন কার্যাবলি রাখা হয়েছে। পাশাপাশি, বিগত তৃতীয় ও চতুর্থ অধিবেশনের মধ্যবর্তী সময়ে জারি হওয়া তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ আজকের বৈঠকে উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন · inarticle_1

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে এই অধিবেশন পরিচালিত হচ্ছে। এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া মনোযোগ আকর্ষণের ৯২টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশও পাওয়া গেছে।