যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) সারাদেশে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিনের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও বিমান বাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকালে শিখা অনির্বাণের বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং একইভাবে নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদর্শন করে এবং বিউগলে সুর বেজে ওঠে।

বিজ্ঞাপন · inarticle_1

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। দিনের কর্মসূচির অংশ হিসেবে তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং কুশল বিনিময় করবেন। ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম এবং তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হতে যাওয়া এ অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন। পাশাপাশি বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবার, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীদেরও এতে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু হয়েছিল। ঐতিহাসিক সেই দিনটির স্মরণে প্রতি বছর ২১ নভেম্বরকে ‘সশস্ত্র বাহিনী দিবস’ হিসেবে পালন করা হয়।