সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের তিন বাহিনীর প্রধানগণ। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে সরকারপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও সেখানে ছিলেন।

বিজ্ঞাপন · inarticle_1

সাক্ষাতের পূর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান কুর্মিটোলায় অবস্থিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করেছিলেন। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশের সকল সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাঁটির মসজিদসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।