দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশে মাদক প্রবেশ করছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমান সময়ে দেশের প্রায় ১৫ থেকে ২০ শতাংশ তরুণ সমাজ অনলাইন জুয়া ও মাদকের কবলে নিপতিত হয়েছে। এর মধ্যে কেবল ক্যাসিনো জুয়ার মাধ্যমেই প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মকে ধ্বংস করে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর পথ রুদ্ধ করতেই এই আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন · inarticle_1

লালমনিরহাট জেলা থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ এবং যৌতুক—এই চার প্রধান সামাজিক অপরাধ নির্মূলের উদ্দেশ্যে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক একটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিটি পরিদর্শনের জন্য আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরের কথা রয়েছে বলেও তিনি জানান।

এ সময় বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, শিক্ষককে অবরুদ্ধ বা হেনস্তার ঘটনা নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের চরম পতনের পরিচায়ক। নীতিবোধ, পারস্পরিক শ্রদ্ধা এবং নৈতিকতা পুনরুদ্ধার করে আমাদের দ্রুত এই অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে।