চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি একটি পিস্তল এবং বারুদ বিহীন এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
মঙ্গলবার (১৫জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র ও গুলি উদ্ধার করেন মহেশপুর -৫৮ বিজিবি সদস্যরা। মহেশপুর ৫৮ ব্যাটেলিয়ন এর উপ অধিনায়ক আবু হানিফ মোহাম্মদ সিহানুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মো. আছর আলীর বাঁশ বাগানের মধ্যে হতে হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে চোরাচালন বিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল (ওয়ান শুটারগান) এবং বারুদ বিহীন ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


