ঢাকা

মিডিয়ার চাপেই ‘জজ মিয়া নাটক’ তৈরি হয়েছিল বলে মন্তব্য আইজিপির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

মিডিয়ার অতিরিক্ত চাপের কারণে অতীতে কিছু বিতর্কিত ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো ঘটনার পরপরই দ্রুত বিচার বা রহস্য উদ্‌ঘাটনের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করা উচিত নয়।

তিনি বলেন, অনেক অপরাধের তদন্ত শেষ করতে দীর্ঘ সময় লাগে—কখনো কখনো ২০ থেকে ২৫ বছরও লেগে যায়। কিন্তু অনেক সময় এমনভাবে প্রশ্ন ও চাপ তৈরি করা হয়, যাতে পুলিশের ওপর মানসিক চাপ বাড়ে। তাঁর মতে, অতীতে আলোচিত ‘জজ মিয়া নাটক’ও এ ধরনের পরিস্থিতির ফল ছিল।

আজ সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম সংবাদ সম্মেলন।

আইজিপি জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার গ্রেপ্তার হওয়া আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং কোনো ব্যক্তির দলীয় পরিচয় থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

গত শনিবার গভীর রাতে বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ওই হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতীয় পুলিশ আটক করেছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, সামনে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি এবং ডাকাতি প্রতিরোধে পুলিশ বিশেষ নজরদারি চালাচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাং দমনে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, ‘জুলাই বিপ্লব’কে কেন্দ্র করে কেউ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে।

আইজিপি বলেন, জনগণের আস্থা বাড়াতে থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে, প্রতিটি থানায় বিচারিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থাকলে অনেক সমস্যার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।

এ সময় পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়েও প্রশ্নের জবাব দেন আইজিপি। তিনি বলেন, এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স