ঢাকা

ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, দায়িত্ব ছাড়লেন একজন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুজন নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন মার্জিনা রায়হান (মদিনা) এবং মোহাম্মদ জহিরুল আমিন। একই সঙ্গে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার পদত্যাগ করেছেন।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ অনুযায়ী ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মার্জিনা রায়হান ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়োগ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

অন্য একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৭ অক্টোবর প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সাইমুম রেজা তালুকদার জানান, তিনি আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সম্প্রতি সেটি গ্রহণ করা হয়েছে। এখন তিনি আবার শিক্ষকতা পেশায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পরে একই বছরের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

এরপর ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ের গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগও এখানে বিচারাধীন রয়েছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম ওই সময়ের পর থেকে স্থগিত রয়েছে।

পরে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করার পর ২৩ ফেব্রুয়ারি সরকার তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে। একই দিনে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব দেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স