ঢাকা

আগামী ৩ মে থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আগামী ৩ মে শুরু হবে এবং ৬ মে পর্যন্ত চলবে। চার দিনব্যাপী এই সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হলেও এবার তা ওসমানী স্মৃতি মিলনায়তনেই আয়োজন করা হচ্ছে। কার্য–অধিবেশনও একই স্থানে হবে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, সচিব এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একান্ত সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রীর সম্মতির বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবেরা উপস্থিত থাকবেন এবং জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। এ জন্য সংশ্লিষ্টদের আগাম প্রস্তুতি নেওয়ার কথাও বলা হয়েছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে প্রথম জেলা প্রশাসক সম্মেলন।

প্রতি বছর মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের অংশগ্রহণে ঢাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়। পুরো আয়োজনের তত্ত্বাবধান করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বিষয়ে জেলা প্রশাসকদের দেওয়া প্রস্তাব নিয়ে মন্ত্রী ও সচিবদের উপস্থিতিতে আলোচনা হয় এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকেরা নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড বাস্তবায়নে সমন্বয়ের দায়িত্ব পালন করেন। এজন্য ডিসি সম্মেলনকে প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ একটি আয়োজন হিসেবে বিবেচনা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স