ঢাকা

বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন, গ্রেপ্তার দুই প্রতারক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বিদেশি দূতাবাসে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকার দারুস সালাম থানার অধীন মাজার কো-অপারেটিভ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় জাল নথি, সিলমোহর, স্ট্যাম্প এবং বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শাহারুল ইসলাম বাপ্পি (৪৯) ও বাচ্চু মিয়া (৪৩)।

পুলিশ জানায়, দারুস সালাম থানার মাজার কো-অপারেটিভ মার্কেটের ‘মায়ের দোয়া ফটোকপি অ্যান্ড কম্পিউটার’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার নামে তৈরি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন জাল কাগজপত্র, সরকারি লোগোযুক্ত প্যাড, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, একাধিক সিল ও স্ট্যাম্প প্যাড, দুটি হার্ডডিস্ক, একটি এলইডি মনিটর এবং কয়েকটি মুঠোফোন জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা বিদেশি দূতাবাসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স