ঢাকা

ঢাকাসহ চার বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা দেখা দিচ্ছে। রোববার ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ের ঝড়ো হাওয়াসহ বৃষ্টিকেই সাধারণত কালবৈশাখী বলা হয়।

গত শুক্রবার রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছিল। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের মধ্যে ঢাকাতেই সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আজও ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

শনিবার সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এসব কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। ঢাকাসহ আশপাশের এলাকাতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে সকালে সম্ভাবনা কম থাকলেও বিকেলের দিকে ঝড়বৃষ্টির আশঙ্কা বেশি থাকতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স