ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা এবং বিশ্বপরিসরে প্রতিষ্ঠানটির পরিচিতি বাড়ানোই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ অনুযায়ী তাঁকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কোষাধ্যক্ষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ–উপাচার্য, অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন হল ও ইনস্টিটিউটের দায়িত্বশীলরা অংশ নেন।

দায়িত্ব নেওয়ার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ সময় তিনি সবার প্রতি নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান জানান এবং পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বি এম ওবায়দুল ইসলাম সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, তাঁর নেওয়া উন্নয়নমূলক উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রাখা হবে।

নতুন উপাচার্যকে ফুল বা উপহার দিয়ে অভিনন্দন জানানোর পরিবর্তে সংযম প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স