ঢাকা

আয়াতুল্লাহর সঙ্গে কাজ করব’—হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক বক্তব্য

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘খুব দ্রুতই খুলে দেওয়া হবে’ এবং তিনি চাইছেন এই সমুদ্রপথের ওপর যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক।

আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোলে হরমুজ প্রণালি খুব শিগগির খুলে যাবে। এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি আর আয়াতুল্লাহ—যে আয়াতুল্লাহই হোন না কেন বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন।”

হরমুজ প্রণালির গুরুত্ব

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালির মাধ্যমে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে। ট্রাম্প উল্লেখ করেন, “যুদ্ধের শুরুর হামলায় ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের বড় অংশ নিহত হয়েছে, যার ফলে সেখানকার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে।”

আলোচনার সম্ভাবনা ও উত্তেজনা নিরসন

ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে সংঘাত নিরসন সম্ভব হতে পারে। তিনি বলেন, “আমরা এমন কিছু লোকের সঙ্গে আলোচনা করছি, যাঁদের আমি খুব যুক্তিবাদী ও দৃঢ়চেতা মনে করি। ঘনিষ্ঠ মহলের লোকজন জানে তাঁরা কারা; তারা যথেষ্ট সম্মানিত। হয়তো তাঁদের মধ্যেই কেউ একজন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হবেন।”

ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই “একজন শীর্ষ ব্যক্তির” সঙ্গে কথা বলেছেন, তবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি–এর সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি। ট্রাম্প বলেন, “তিনি জীবিত আছেন কি না, আমরা জানি না।”

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং এর যৌথ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণার মাধ্যমে ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব বৃদ্ধির চেষ্টা প্রকাশ করেছেন, যা বিশ্ব তেলবাজার এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স