ঢাকা

সচিব পদে বড় রদবদল, ১২ দপ্তরে নতুন নিয়োগ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সচিব পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। একযোগে ১২টি প্রতিষ্ঠানে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতি, বদলি এবং চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করে।

পদোন্নতির মাধ্যমে যাঁরা নতুন দায়িত্ব পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন—ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, যিনি এখন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীনকে দেওয়া হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

এ ছাড়া খুলনা বিভাগের কমিশনার মো. মোখতার আহমেদকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়হান কাওছারকে পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে, এস এম এবাদুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ রদবদলের অংশ হিসেবে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে স্থানান্তর করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়াকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।

এ ছাড়া চারজন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স