ঢাকা

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, ভর্তির নতুন নির্দেশনা শিগগির

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের এক সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষার্থীরা অনলাইনে জিএসটি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে পিন ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রাখা হয়েছে।

গত শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষায় অংশ নেন হাজারো শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়েছে, যা মেধা তালিকা প্রণয়নে প্রভাব ফেলবে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ফলাফলের ভিত্তিতে শিগগিরই মেধাতালিকা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক পছন্দক্রম পূরণের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার আবেদনের সুযোগও রাখা হয়েছে, যাতে তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারেন।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স