বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে সকালে নির্বাহী পরিচালক (ইডি) পদে উন্নীত করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। সোমবারের এই ঘটনাকে ঘিরে প্রতিষ্ঠানটির ভেতরে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তা মো. মিজানুর রশীদ বর্তমানে মহাব্যবস্থাপক এবং প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকালে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে তাঁকে জিএম পদ থেকে ইডি হিসেবে পদোন্নতি দেওয়ার তথ্য জানানো হয়। আদেশটি প্রকাশের পর সহকর্মীদের অনেকেই তাঁকে শুভেচ্ছা জানান।
তবে দিনের শেষ ভাগে হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। একই বিভাগ থেকে নতুন আরেকটি প্রজ্ঞাপন জারি করে আগের পদোন্নতির আদেশ বাতিল করা হয়। কেন এত দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিমান কর্তৃপক্ষ।
বিমানের অভ্যন্তরীণ একাধিক সূত্র বলছে, সরকারি অর্থে সফটওয়্যার ক্রয়ে অনিয়ম ও প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে আগে বিভাগীয় তদন্তের মুখোমুখি হয়েছিলেন মিজানুর রশীদ। পরে তিনি প্রশাসনিকভাবে দায়মুক্তি পেলেও বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান এখনো চলমান রয়েছে।
জানা গেছে, চলতি বছরের ৪ মার্চ তিনি মহাব্যবস্থাপক (যানবাহন) পদ থেকে বদলি হয়ে অর্থ ও হিসাব বিভাগে যোগ দেন। পরদিন তাঁকে আবার প্রশাসন ও মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক করা হয়। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালকের দায়িত্ব এবং অর্থ বিভাগের পরিচালকের দায়িত্বও দেওয়া হয়।
হঠাৎ পদোন্নতি এবং পরবর্তী সময়ে সেই আদেশ বাতিলের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছে।