ঢাকা

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদে মুলতবি প্রস্তাব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে জাতীয় সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি গ্রহণ করেন এবং এ বিষয়ে আলোচনার জন্য আগামী ৫ এপ্রিল দুই ঘণ্টা সময় নির্ধারণ করেন।

স্পিকার জানান, দেশের সংসদীয় ইতিহাসে এটি একটি ব্যতিক্রমী ঘটনা। স্বাধীনতার পর দীর্ঘ সময়ের মধ্যে এই প্রথমবার সরকারি দলের কোনো সদস্যের আনা মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হলো।

এর আগে গত ৩০ মার্চ স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালও একই বিষয়ে একটি মুলতবি প্রস্তাব দেন। তবে সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

জুলাই জাতীয় সনদের নির্দেশনা অনুযায়ী, সংবিধান সংশোধনসংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নের একটি ধাপ ছিল গণভোট, যেখানে ইতিবাচক ফল আসার পর সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করার কথা। কিন্তু এখনো সেই পরিষদের অধিবেশন শুরু হয়নি। পাশাপাশি বিএনপির সংসদ সদস্যরাও এ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবিতে ২৯ মার্চ বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছিলেন। এ নিয়ে সংসদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। এ অবস্থায় নতুন প্রস্তাব আনার প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করে।

সংসদে প্রস্তাব উত্থাপন করে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের আন্দোলনের ফল হিসেবে এই জাতীয় সনদ এসেছে। এতে সংবিধান সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি সংস্কারের দিকনির্দেশনা রয়েছে। তাই এর বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে বিস্তারিত আলোচনা জরুরি।

স্পিকার প্রস্তাবটির গুরুত্ব বিবেচনায় সংসদের কার্যপ্রণালি বিধির আওতায় এটি আলোচনার জন্য অনুমোদন দেন এবং নির্ধারিত দিনে দিনের শেষ কার্যসূচি হিসেবে বিষয়টি আলোচনা করার সিদ্ধান্ত দেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স