ঢাকা

গোলাম পরওয়ারের অভিযোগ, ক্ষমতায় আসার পরই বিএনপি দেশকে সংকটে ঠেলে দিয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পরই দেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। রেমিট্যান্স কমেছে, জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে এবং কৃষক কার্ড–ফ্যামিলি কার্ড নিয়ে বিভাজন দেখা দিয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, “জ্বালানি তেলের সংকট না থাকলে পেট্রলপাম্পে দীর্ঘ লাইনের প্রয়োজন হতো না। অথচ সরকারের মন্ত্রীরা এই সংকট অস্বীকার করছেন।”

আজ সোমবার বিকেলে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ১১–দলীয় জোটের প্রার্থী আবিদুর রহমানের পক্ষে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশ শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনের পর বিএনপির প্রকৃত চরিত্র উন্মোচিত হয়েছে। সাধারণ মানুষ এখন নিজেদের প্রতারিত মনে করছেন। বিএনপি দেশের স্বার্থের চেয়ে পার্টির স্বার্থকে প্রাধান্য দিচ্ছে।

উপনির্বাচনের প্রার্থী আবিদুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমির।

এর আগে বিকেলে সদর উপজেলার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১-দলীয় জোটের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। তিনি বাংলাদেশকে দিল্লির কথায় বিভক্ত না করে জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের গণভোট আদেশ বাতিল করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। জুলাই আন্দোলনের শহীদ ও আহতরা বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ চাইতেন। প্রধানমন্ত্রী ভোটের আগে হ্যাঁ ভোটের পক্ষে রায় প্রদানের আহ্বান দিয়েছিলেন, কিন্তু পরে তা অস্বীকার করেছেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, “হ্যাঁ ভোটে রায় দেওয়া পাঁচ কোটি ভোটারের সঙ্গে প্রতারণা জাতি মেনে নেবে না।”

বগুড়া ও বাঘোপাড়ায় আয়োজিত দুটি সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা এবং এনসিপি ও অন্যান্য সহযোগী রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স