ঢাকা

ইলিয়াস আলী নিখোঁজের মামলা উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেন। সকালে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানির সময় তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। তবে প্রসিকিউশন সেই আবেদনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৫ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউশনের দাবি, ইলিয়াস আলীকে নিখোঁজ করার ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার আরেক আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স