ঢাকা

তিন দিনের সফরে দিল্লির পথে পররাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ মঙ্গলবার দুপুরে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন। তিন দিনের এ সফরে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি, সফরকালে তিনি ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন নীতিনির্ধারকের সঙ্গে মতবিনিময় করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের সময় তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সাক্ষাৎ করবেন। মরিশাসের পোর্ট লুইসে যাওয়ার আগে এই সফরকে দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় ভিসা সহজীকরণ, জ্বালানি খাতে সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা হ্রাস, শুল্ক ও বিধিনিষেধ প্রত্যাহার, অভিন্ন নদীর পানি বণ্টন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

উল্লেখ্য, ১১ ও ১২ এপ্রিল মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও থাকবেন। নতুন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

সফরসূচি অনুযায়ী, ৭ এপ্রিল সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। পরদিন ৮ এপ্রিল এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পাশাপাশি পীযূষ গোয়েল ও হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে জানা গেছে, দিল্লি সফর শেষে খলিলুর রহমান ও এস জয়শঙ্কর একই ফ্লাইটে মরিশাসের পোর্ট লুইসের উদ্দেশে রওনা হবেন। ৯ এপ্রিল সকাল আটটায় তাদের বহনকারী বিমানটি দিল্লি ত্যাগ করার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স