অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রথম সপ্তাহান্তেই আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় চমকে দিয়েছে সবাইকে। সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও ছবিটি টপকে গেছে হলিউডের তারকা টম ক্রুজ ও ব্র্যাড পিটের নতুন সিনেমাগুলোকে।
প্রথম দিনেই ৬২ কোটি রুপি
২ অক্টোবর মুক্তির পর ভারতে শুরুটা বেশ শক্তিশালী করেছে ‘দৃশ্যম ৩’। প্রথম দিনেই সিনেমাটি নেট আয় করেছে প্রায় ৬২ কোটি রুপি। তিন দিন শেষে ভারতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে আনুমানিক ২১১ কোটি ৮০ লাখ রুপি।
ভারতের বাইরেও ছবিটির ব্যবসা ছিল উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র ও কানাডায় ৫০০টির কিছু বেশি হল থেকে প্রায় ২৭ লাখ ডলার আয় করেছে সিনেমাটি। ইউরোপ, উপসাগরীয় অঞ্চলসহ অন্যান্য আন্তর্জাতিক বাজার থেকে যোগ হয়েছে আরও ৩৪ লাখ ডলারের বেশি।
সব মিলিয়ে প্রথম তিন দিনে বিশ্বব্যাপী ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ আয় করেছে প্রায় ২ কোটি ৮৪ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২৮ কোটি টাকা।
টম ক্রুজের সিনেমাকেও ছাড়িয়ে গেল
আন্তর্জাতিক বক্স অফিসে অজয় দেবগনের সিনেমার সবচেয়ে বড় সাফল্য এসেছে হলিউডের সঙ্গে প্রতিযোগিতায়। একই সময়ে মুক্তি পাওয়া টম ক্রুজ অভিনীত ‘ডিগার’ বিশ্বব্যাপী আয় করেছে আনুমানিক ২ কোটি ডলার।
অর্থাৎ প্রথম সপ্তাহান্তের হিসাবে ‘দৃশ্যম ৩’ টম ক্রুজের সিনেমার চেয়েও বেশি ব্যবসা করেছে। মুক্তির আগে ‘ডিগার’ নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়া সিনেমাটির বক্স অফিসে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে ‘দৃশ্যম’ সিরিজের আগের দুই কিস্তির জনপ্রিয়তা নতুন সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।
ব্র্যাড পিটও পিছিয়ে
বক্স অফিসের লড়াইয়ে অজয় দেবগনের সিনেমার কাছে পিছিয়ে পড়েছে ব্র্যাড পিট অভিনীত ‘হার্ট অব দ্য বিস্ট’ও। দ্বিতীয় সপ্তাহে ছবিটির বিশ্বব্যাপী আয় হয়েছে প্রায় ২ কোটি ৮০ লাখ ডলার।
সপ্তাহান্তের বৈশ্বিক আয়ের তালিকায় ‘দৃশ্যম ৩’-এর পরের দিকে ছিল ‘রেসিডেন্ট ইভিল’। সিনেমাটির আয় প্রায় ২ কোটি ৪৫ লাখ ডলার।
তবে শীর্ষস্থান দখল করেছে অ্যান হ্যাথাওয়ে ও ডাকোটা জনসন অভিনীত ‘ভেরিটি’। সপ্তাহান্তে সিনেমাটি আয় করেছে প্রায় ৬ কোটি ২৬ লাখ ডলার। এর মধ্যে শুধু উত্তর আমেরিকা থেকেই এসেছে প্রায় ৩ কোটি ২০ লাখ ডলার।
‘দৃশ্যম’ সিরিজের জনপ্রিয়তার রহস্য
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির মূল আকর্ষণ এর টানটান গল্প, রহস্য এবং শক্তিশালী চরিত্র। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ বিজয় সালগাঁওকর কীভাবে ভয়াবহ পরিস্থিতিতে নিজের পরিবারকে রক্ষা করতে একের পর এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়—আগের দুই সিনেমায় এই গল্পই দর্শকদের আটকে রেখেছিল।
তৃতীয় কিস্তিতেও বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। তাঁর সঙ্গে রয়েছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও কমলেশ সাওয়ান্ত। আগের সিনেমার চরিত্রে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে সৌরভ শুক্লাকেও।
নতুন করে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ। সিনেমাটির গল্প ও পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক পাঠক।
মালয়ালম থেকে বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি
‘দৃশ্যম’ মূলত মালয়ালম সিনেমা থেকে যাত্রা শুরু করে। মোহনলাল অভিনীত মূল ছবির সাফল্যের পর এর হিন্দি সংস্করণও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। অজয় দেবগনের বিজয় সালগাঁওকর চরিত্রটিও ধীরে ধীরে নিজস্ব জনপ্রিয়তা অর্জন করেছে।
তৃতীয় কিস্তিতে গল্পের সমাপ্তি ঘটবে—এমন ঘোষণার কারণে মুক্তির আগেই দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ফলে প্রেক্ষাগৃহে আসার পরও সিনেমাটির প্রতি সেই আগ্রহ বক্স অফিসে প্রতিফলিত হচ্ছে।