জ্বালানির মূল্যবৃদ্ধি, বৈদেশিক মুদ্রার সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা চাপে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পরিস্থিতি সামাল দিতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখা এবং কর ব্যবস্থাকে আরও আধুনিক করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, জনগণের কাছ থেকে সংগৃহীত করের প্রতিটি টাকা যেন স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে ব্যয় হয়, তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
শনিবার জাতীয় আন্তবিশ্ববিদ্যালয় অর্থনীতি প্রতিযোগিতা ‘ইকনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অর্থনীতি বিভাগের সহযোগিতায় জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ) এ আয়োজন করে। অনুষ্ঠানের তথ্য জানিয়ে অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন বাস্তবতা
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এখন অনেকটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ধীরগতির বৈশ্বিক প্রবৃদ্ধি, ঋণের বাড়তি খরচ এবং বাণিজ্য সংরক্ষণবাদের মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক ও তথ্যনির্ভর সিদ্ধান্ত নেওয়া জরুরি।
তিনি বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে তথ্যের যথাযথ ব্যবহার এবং বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার কোনো বিকল্প নেই। অর্থ মন্ত্রণালয়কে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে সীমিত তথ্যের ওপর ভিত্তি করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।
দক্ষতার পাশাপাশি সততার গুরুত্ব
শিক্ষার্থীদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, কোনো দেশের অগ্রগতির জন্য দক্ষ জনশক্তি অপরিহার্য। তবে সেই দক্ষতার সঙ্গে সততা ও মানবিকতার সমন্বয় না থাকলে তা সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে পারে না।
তিনি শিক্ষার্থীদের অর্থনীতিকে শুধু পরীক্ষায় ভালো ফল করার বিষয় হিসেবে না দেখে গভীরভাবে বোঝার আহ্বান জানান। একই সঙ্গে দেশের কল্যাণে নীতি, দক্ষতা ও সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম।
ইউআইইউর উপাচার্য মো. আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।