ঢাকা

এসএসসি পরীক্ষা উপলক্ষে রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ঢাকার ১২৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত এবং নগরীর ট্রাফিক স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একগুচ্ছ বিশেষ দিকনির্দেশনা জারি করেছে।

শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। রাজধানীবাসী ও যানবাহন চালকদের এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীরা যেন পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা হয়। যারা ব্যক্তিগত গাড়িতে কেন্দ্রে যাবে, তারা যেন কেন্দ্রের ঠিক সামনে না নেমে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করে। একইভাবে পরীক্ষা শেষে সরাসরি কেন্দ্রের সামনে গাড়িতে না উঠে একটু দূরের সুবিধাজনক স্থান থেকে গাড়িতে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে কোনো যানবাহন পার্কিং করা যাবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে। এ নিয়ম ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিভাবকদের কেন্দ্রের সামনে বা আশপাশের রাস্তায় ভিড় না করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে কেন্দ্র–সংলগ্ন সড়কগুলো জরুরি প্রয়োজন ছাড়া এড়িয়ে চলতে বলা হয়েছে সাধারণ যাত্রীদের। এছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, পরীক্ষার পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল রাখতে সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স