ঢাকা

জ্বালানি দাম বাড়ার পর বাসভাড়া নিয়ে বৈঠক, সিদ্ধান্ত জানানো হবে সোমবার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং


জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে কত টাকা ভাড়া বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সোমবার প্রস্তাব আকারে বিষয়টি জানাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পরে সড়ক পরিবহন মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দেবে।

রোববার রাত আটটার দিকে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে বৈঠক শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে আলোচনায় উঠে আসে—জ্বালানির দাম প্রতি লিটার এক টাকা বাড়া বা কমার সঙ্গে ভাড়া এক পয়সা সমন্বয়ের প্রচলিত নীতির বিষয়টি। ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধির কারণে ভাড়া ১৫ পয়সা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে মালিকপক্ষ দাবি করেছে, ২০২২ সালের পর বাস–মিনিবাস পরিচালন ব্যয়ের পূর্ণাঙ্গ পর্যালোচনা হয়নি। ডলারের দর বাড়ায় খুচরা যন্ত্রাংশ, টায়ার ও ইঞ্জিন অয়েলের খরচ বেড়েছে—এসব বিষয়ও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সাধারণত বিআরটিএ সম্ভাব্য ভাড়ার হার প্রস্তাব আকারে দেয়, আর চূড়ান্ত সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাব তৈরির কাজ চলছে।

একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মালিকদের অতিরিক্ত ব্যয়ের দাবি—দুই দিক বিবেচনায় রেখে প্রস্তাব তৈরি করা হবে। মন্ত্রণালয় সেটি অনুমোদন বা সংশোধন করতে পারে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন বলেন, দ্রুত সিদ্ধান্ত না এলে মাঠপর্যায়ে অস্থিরতা তৈরি হতে পারে। কারণ, পরিবহনমালিকদের ইতিমধ্যে বাড়তি দামে জ্বালানি কিনতে হচ্ছে।

বর্তমানে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা নির্ধারিত। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এ হার ২ টাকা ৪২ পয়সা। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস এবং ট্রাক–কাভার্ড ভ্যানসহ পণ্যবাহী যানবাহনের ভাড়া সরকার নির্ধারণ করে না।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স