ঢাকা

সিডনিতে সেমিনার: বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় দক্ষতা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সিডনিতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের লাকেম্বা এলাকায় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ, সাংবাদিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।

‘বিদেশ বাংলা’ এবং ভয়েস অব সিডনি–এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ওবায়েদ।

মূল বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় কেবল পাঠ্যবইভিত্তিক জ্ঞান অর্জন যথেষ্ট নয়; বরং শিক্ষাব্যবস্থাকে হতে হবে দক্ষতা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর। তিনি জোর দিয়ে বলেন, নৈতিক মূল্যবোধ, আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে মানবসম্পদ গড়ে তোলাই সময়ের প্রধান চাহিদা।

সেমিনারে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন–এর সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন এবং সঞ্চালনা করেন ‘ভয়েস অব সিডনি’–এর সম্পাদক অর্ক হাসান।

আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক তুলে ধরেন। বিশেষ করে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসার, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাক্রম প্রণয়ন এবং গবেষণাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলা অপরিহার্য। এ জন্য সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আয়োজকরা জানান, এ ধরনের সেমিনারের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি শিক্ষাবিদ ও পেশাজীবীদের অভিজ্ঞতা ও মতামত দেশের শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যতেও এ ধরনের আলোচনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স